বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ যেদিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ যেদিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এই তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির শুনানি শেষে একই দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে মনোনয়ন ফরম বিতরণ চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিনই সভাপতি ও সহ-সভাপতি পদসহ পরিচালকদের ফলাফল ঘোষণা করা হবে।

প্রতিবারের মতো এবারও মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি–২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার) থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।