কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে উঠলে উপস্থিত সমর্থকরা মুহুর্মুহু করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, চাঁদপুর সফরের উদ্দেশ্যে যাত্রাপথে তিনি এই পথসভায় সংক্ষিপ্তভাবে অংশ নেন।

সকাল থেকেই লক্ষ্মীপুর বাজার মাঠ এলাকায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সকাল সাড়ে ১০টার মধ্যেই পথসভাটি একটি বড় সমাবেশে রূপ নেয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এদিন প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরসূচিও ছিল ব্যস্ত। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করবেন তিনি।

বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায়ও অংশ নেবেন তিনি। পুরো সফর ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।