
নোয়াখালী জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। পরে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মৃত হাজতির নাম মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। চুরির একটি মামলায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কারা সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে স্বজনরা অভিযোগ করেছেন, কারাগারে অসুস্থ হওয়ার পর যথাসময়ে উন্নত চিকিৎসা না দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক অভিযোগ অস্বীকার করে জানান, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে কারা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি দেখে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।
মরদেহ সন্ধ্যায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :