অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

স্বজনপ্রীতি বা কারও প্রভাবের কারণে তড়িঘড়ি করে কোনো অপ্রয়োজনীয় প্রকল্প আর নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর। তিনি বলেন, ভবিষ্যতে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, অতীতে অনেক ক্ষেত্রে প্রকল্প জনগণের প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীস্বার্থে নেওয়া হয়েছে, যার ফলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।

অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, “আগে অনেকের পকেট ভারী করতে বিভিন্ন প্রকল্প নেওয়া হতো। পরিকল্পনা মন্ত্রণালয় অনেক সময় কার্যত ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে পড়েছিল।” তিনি অভিযোগ করেন, প্রকল্পের সময়সীমা বারবার বাড়িয়ে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, যা দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, যথাযথ তদারকির অভাবেই অতীতে ‘বালিশকাণ্ড’-এর মতো বিতর্কিত ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। এসব অনিয়ম ও অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে দেশের অর্থনীতি বর্তমানে ঋণের চাপের মধ্যে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কৌশল প্রণয়ন করা হচ্ছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরও কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে সব ধরনের তথ্য নিয়মিতভাবে জনগণের সামনে প্রকাশ করা হবে। এতে করে জনগণ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে এবং জবাবদিহি নিশ্চিত হবে। সবশেষে তিনি বলেন, ব্যয় সংকোচন, সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।