‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে’ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে’ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় বাটজার ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, নতুন থার্ড টার্মিনালে আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে যুক্ত করা হবে উন্নত ইমিগ্রেশন ব্যবস্থা এবং অটোমেটেড কাস্টমস সুবিধা। এতে যাত্রীদের সময় সাশ্রয় হবে এবং সেবার মান আরও উন্নত হবে। একইসঙ্গে মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক সংক্রান্ত কোনো বড় সমস্যা হবে না। প্রয়োজনে রিপিটার বসিয়ে আরও শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করা হবে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান জানান, দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণে বন্ধ থাকা একাধিক বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ মোট আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা হবে, যা আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।