মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিলো অস্ট্রিয়ার যুদ্ধবিমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিলো অস্ট্রিয়ার যুদ্ধবিমান

অনুমতি ছাড়াই অস্ট্রিয়া-র আকাশসীমায় প্রবেশ করায় টানা দুই দিনে দুইবার মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিয়েছে দেশটির ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাগুলোতে মার্কিন বিমানবাহিনী-র দুটি পিসি-১২ সামরিক বিমান জড়িত ছিল। টার্বোপ্রপ মডেলের এই বিমান সাধারণত নজরদারি ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়।

অস্ট্রিয়ার প্রভাবশালী দৈনিক কুরিয়ার জানিয়েছে, প্রয়োজনীয় সামরিক ট্রানজিট অনুমতি ছাড়া দেশটির আকাশসীমায় প্রবেশ করায় রোববার (১০ মে) ও সোমবার (১১ মে) এয়ার-পুলিশিং সতর্কতা জারি করা হয়।

অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়-এর মুখপাত্র মাইকেল বাউয়ার জানান, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে অননুমোদিত উড্ডয়নের পর বিমান দুটি শনাক্ত করতে দুটি অস্ট্রিয়ান ইউরোফাইটার মোতায়েন করা হয়। অস্ট্রিয়ার যুদ্ধবিমান বাধা দেওয়ার পর মার্কিন সামরিক বিমান দুটি মিউনিখ-এ অবতরণ করে।

তিনি আরও জানান, একই বিমান রোববার আপার অস্ট্রিয়া অঞ্চলের আকাশেও দেখা গিয়েছিল। তখনও প্রথমবারের মতো যুদ্ধবিমান মোতায়েন করা হয়। বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রিয়া নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে। গত মাসে দেশটি ইরান-সংক্রান্ত যুদ্ধে জড়িত মার্কিন সামরিক বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে নিষেধাজ্ঞা দেয়। এর পেছনে অস্ট্রিয়ার দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, অস্ট্রিয়ার জনগণ ডোনাল্ড ট্রাম্প-এর “বিশৃঙ্খলার রাজনীতি” ও যুদ্ধনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চায় না। তিনি আরও লেখেন, “নিরপেক্ষতা আমাদের দেশের একটি মূল্যবান সম্পদ। যুদ্ধকে না বলুন।”