বিদেশ ভ্রমণ নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
বিদেশ ভ্রমণ নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা

আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রোধে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনার ফলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আর সরকারি বা বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে-বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা অফিস নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সেবা গ্রহণকারী বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত চুক্তিবহির্ভূত সেমিনার, কর্মশালা বা অনুরূপ কোনো আয়োজনে অংশগ্রহণও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা ও পেশাগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে বিশেষ প্রয়োজন বিবেচনায় হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পূর্বানুমতি সাপেক্ষে কোনো কর্মকর্তা শুধুমাত্র বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রেও আয়োজক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের সম্মানী, ফি বা আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ও কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে—এমন সব কার্যক্রম থেকে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই বিরত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

অর্থনৈতিক খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী অবস্থান আরও শক্তিশালী হবে এবং নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠার সুযোগ কমে যাবে। একই সঙ্গে ব্যাংকিং খাতে শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।