মানিকগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড।


মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, মোঃ আজহার হোসেন। প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
মানিকগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড।

মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার দাশড়া ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক সেবন এবং মাদক গ্রহণ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোঃ সবুজ (২১) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সবুজ সদর উপজেলার খালপাদুয়া এলাকার মহর আলীর ছেলে বলে জানা গেছে। পরে মোবাইল কোর্টে দোষ স্বীকার করায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। তবে দণ্ডের মেয়াদ ও জরিমানার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করে তরুণ সমাজকে সচেতন ও নিরাপদ রাখতে তারা বদ্ধপরিকর।