পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার

মিরপুর টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আর এই জয়ের অন্যতম নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। ম্যাচের শেষ দিকে আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৫ উইকেট শিকার করা নাহিদ রানা আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৪তম স্থানে উঠে এসেছেন। তার গতিময় ও আক্রমণাত্মক বোলিং ম্যাচের ভাগ্য বদলে দেয়।

বাংলাদেশের আরেক বোলার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নেওয়ার সুবাদে তিনি তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ১৩তম স্থানে উঠে এসেছেন।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে আলো ছড়িয়েছেন পেসার তাসকিন আহমেদও। ম্যাচে চার উইকেট শিকার করে তিনি আবারও আইসিসির টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার অবস্থান ৪৮তম।

এদিকে ব্যাট হাতেও ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং।

বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে এবং মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন।

পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক জয় শুধু মাঠেই নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়নেও বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও অবস্থান আরও শক্তিশালী করেছে।