
যশোরের বেনাপোলে ফেনসিডিল উদ্ধারের মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মামনি খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসা: ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মামনি খাতুন বেনাপোলের বড় আঁচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৬ আগস্ট বিজিবি অভিযান চালিয়ে মামনি খাতুনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন তদন্ত শেষে মামনি খাতুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি মামনি খাতুন কারাগারে আটক ছিলেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :