
রংপুরের পীরগঞ্জে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। একই সময়ে পৃথক আরেক অভিযানে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) রাতে পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া স্লুইসগেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. সাজির আহম্মেদ শুভ (২০) ও তার মা মোছা. মুক্তা খাতুনের বসতঘরের শয়নকক্ষ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই উপজেলায় পৃথক আরেক অভিযানে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বাঁশপুকুরিয়া (মণ্ডলপাড়া) গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫) এবং ঠাকুরদাস লক্ষ্মীপুর (বন্দরপাড়া) গ্রামের মো. মজনু মিয়া (৬০)।
তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা নং-২০/১৪৭, তারিখ ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় স্থানীয়রা পীরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে।
আপনার মতামত লিখুন :