ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনায় লামিন ইয়ামাল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনায় লামিন ইয়ামাল

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উৎসবের মাঝেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল। শিরোপা উদযাপনের ছাদখোলা বাসে তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লা লিগা জয়ের পর বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে খোলা বাসে শোভাযাত্রায় অংশ নেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। এ সময় তাকে ফিলিস্তিনের পতাকা হাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানাতে দেখা যায়। তার ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়।

এর কয়েক ঘণ্টা আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ইনজুরির কারণে এল ক্লাসিকোতে মাঠে না নামলেও শিরোপা উদযাপনে সতীর্থদের সঙ্গে ছিলেন ইয়ামাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাসের রেলিং ধরে দাঁড়িয়ে হাসিমুখে সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন ইয়ামাল, আর হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা। তার এই অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে ফুটবলপ্রেমী, মানবাধিকারকর্মী ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

গাজাসহ বিভিন্ন অঞ্চলের অনেক ফিলিস্তিনি ভক্ত এই ঘটনাকে সংহতির প্রতীক হিসেবে দেখছেন। গাজার এক শিক্ষার্থী মুহাম্মদ আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কারও কাছে এটি সাধারণ অঙ্গভঙ্গি মনে হতে পারে, কিন্তু গাজায় এটি হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ লামিন ইয়ামাল।”

লেবাননের রাজনৈতিক কর্মী ও লেখক দিয়াব আবু জাহজাহ লিখেছেন, “আপনার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, সেটি ব্যবহার করুন। আপনার যদি কণ্ঠ থাকে, কথা বলুন—ব্রাভো লামিন ইয়ামাল।”

এদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “আমি তাকে বলেছি, এটা তার সিদ্ধান্ত। সে এখন যথেষ্ট বড় হয়েছে।”

উৎসব শেষে ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন, যা কয়েক ঘণ্টার মধ্যেই মিলিয়নের বেশি প্রতিক্রিয়া পায়। পোস্টে মন্তব্য করেন সতীর্থ মার্কাস র‍্যাশফোর্ড ও আনোয়ার এল গাজিসহ অনেকে। ফিলিস্তিনি লেখক ও কবি মোসাব আবু তোহাও সেখানে মন্তব্য করেন, “গাজা থেকে আমরা তোমাকে ভালোবাসি।”