
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নবগঠিত এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন মো. ইসরাইল হাওলাদার এবং এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী এই নির্বাচন কমিশন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর সব ধরনের কার্যক্রম তদারকি ও পরিচালনার দায়িত্ব পালন করবে। নির্বাচনের সুষ্ঠুতা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করাই কমিশনের প্রধান দায়িত্ব হবে।
এদিকে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ তারিখ।
বিসিবি নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে এখন থেকেই কিছুটা তৎপরতা শুরু হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে বোর্ডের নতুন নেতৃত্ব নির্ধারণ হবে, যা দেশের ক্রিকেট পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :