চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারেজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারেজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রথম পর্যায়ের এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এর মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ পর্যন্ত।

বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প ছিল গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে। প্রকল্পটি এর আগে কয়েক দফা একনেকে উপস্থাপন করা হলেও অনুমোদন হয়নি। এবার চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের পথ খুলে গেল।

পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানি সংরক্ষণ করে হিসনা, গড়াই, চন্দনা, বড়াল ও ইছামতিসহ কয়েকটি নদী ব্যবস্থায় প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

প্রথম পর্যায়ে ব্যারেজের মূল অবকাঠামো নির্মাণের পাশাপাশি কয়েকটি নদী পুনর্খনন এবং অফটেক অবকাঠামো নির্মাণ করা হবে। ভবিষ্যতে দ্বিতীয় পর্যায়ে আরও নদী পুনরুদ্ধার ও সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পে ব্যারেজের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল উপকৃত হতে পারে। তবে নদীর প্রবাহ পরিবর্তন, পলি জমা এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সঠিক নকশা ও ব্যবস্থাপনার প্রয়োজন হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং নদী ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।