
বঞ্চিত ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৮ মে’র মধ্যে নির্ধারিত ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগ বাতিল হবে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। ফলে তারা ধারণাগত জ্যেষ্ঠতা পাবেন, তবে কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।
উল্লেখ্য, আইনি জটিলতা ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর দুই দশক পর গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তী সময় আদালতের বিভিন্ন নির্দেশনা ও রায়ের ধারাবাহিকতায় নিয়োগবঞ্চিত প্রার্থীদের পুনর্বাসনের প্রক্রিয়া এগিয়ে চলছে।
প্রশাসনিক সূত্র জানায়, ২০০৭ সালে প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশ ও পরবর্তী সময়ে তা বাতিলকে কেন্দ্র করে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়। পরবর্তীতে দ্বিতীয় মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও প্রথম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেন।
২০২৩ সালে হাইকোর্ট দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর আপিল বিভাগে বিভিন্ন পর্যায়ে শুনানি ও রিভিউ আবেদন শেষে নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় আসে। সেই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে নতুন নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।
আপনার মতামত লিখুন :