২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার, তবে চোটের কারণে বাদ পড়েছেন উদীয়মান তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।
ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া এই প্রাথমিক তালিকায় নেইমারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে ডান উরুর পেশির চোটে ভোগায় শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি ১৯ বছর বয়সী এস্তেভাওয়ের।
গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে চোট পান এই তরুণ ফরোয়ার্ড। শুরুতে ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে ব্রাজিল ও চেলসির মেডিক্যাল দল তার শতভাগ ফিটনেস নিশ্চিত করতে না পারায় তাকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। গত সপ্তাহে চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল বলেও জানা গেছে। ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ১১ মে’র মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। যদিও এই তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক নয়, তবে এখান থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল নির্বাচন করা হবে।
অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে জাতীয় দলে বড় প্রত্যাবর্তনের মঞ্চ। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এর আগে আনচেলত্তির অধীনে কোনো স্কোয়াডে জায়গা পাননি। ফলে তার প্রাথমিক দলে ফেরা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
চোটের কারণে এস্তেভাও ছাড়াও বিশ্বকাপ মিস করার শঙ্কায় আছেন এদের মিলিতাও ও রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই দুই তারকাও আনচেলত্তির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল স্কোয়াডে তারকা প্রত্যাবর্তন ও চোটের ধাক্কা—দুই ধরনের আলোচনাই এখন ফুটবল মহলে তীব্রভাবে চলছে।
আপনার মতামত লিখুন :