
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদঘাটা মাহমুদপুর জামে মসজিদ সংলগ্ন থেকে সোনারমোড় ইটভাটা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী এই সড়কটি এখন এলাকাবাসীর জন্য দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশই ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত আতঙ্কের মধ্যে যাতায়াত করছে বলে জানান এলাকাবাসী।
সাবেক মেম্বার ছফুরা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হবে। ভুক্তভোগী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :