
যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১১ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজ অনুযায়ী নম্বর প্লেট নির্দিষ্ট স্থানে ব্যবহার করা আইনগতভাবে বাধ্যতামূলক। কিন্তু রাজধানীতে অনেক যানবাহনে বিআরটিএ প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে আবার নম্বর প্লেটের পরিবর্তে পেইন্ট দিয়ে হাতে লেখা নম্বর ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অননুমোদিত।
ডিএমপি আরও জানায়, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের জন্য নির্ধারিত ফি পরিশোধ করলেও বিআরটিএ থেকে এখনো নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। পাশাপাশি অনেক গাড়ির উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যা তৈরি করছে।
গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, আগামী সপ্তাহ থেকে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে যানবাহনের সঠিক শনাক্তকরণ নিশ্চিত করা যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হয়।
আপনার মতামত লিখুন :