জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যতদিন থাকবে, ততদিন মানুষ এসে ‘মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে ঘৃণার প্রকাশ জানাবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১২ মে) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনকারীদের হত্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্নার নাটক ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতাযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ বাঙালির গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস এই জাদুঘরে সংরক্ষিত হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। জাদুঘর চালু হলে গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনা, তথ্য-উপাত্ত এবং ঐতিহাসিক প্রমাণ জনসাধারণের সামনে তুলে ধরা হবে।
স্পিকারের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা সহিংস দমন-পীড়নের নির্দেশনা দিয়েছিলেন—এমন বিভিন্ন তথ্য ও উপাত্ত তাদের কাছে রয়েছে। সংরক্ষিত অডিও রেকর্ডসহ একাধিক প্রমাণ জাদুঘরে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই জাদুঘর কেবল একটি প্রদর্শনী কেন্দ্র নয়, বরং এটি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে ইতিহাস জানতে পারবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হবে।
আপনার মতামত লিখুন :