উন্নয়নের ধারাবাহিকতার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোকামতলা উপজেলা ঘোষণায় বগুড়ায় উৎসবের আমেজ


বগুড়া জেলা প্রতিনিধি,তাহেরা জামান লিপি প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
মোকামতলা উপজেলা ঘোষণায় বগুড়ায় উৎসবের আমেজ

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও জনসমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বর জনসমুদ্রে পরিণত হয়।

 গত সোমবার সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে জিয়া পরিবার বগুড়ার উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনাতলা উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন, পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলা গঠন করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলাকে উপজেলায় উন্নীত করেছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বগুড়া উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই ঘাটতি দূর করতে কাজ করছে। এ সময় তিনি বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিমানঘাঁটি, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মোকামতলা উপজেলা ঘোষণার পর প্রতিমন্ত্রীর প্রথম সরকারি সফরকে কেন্দ্র করে পুরো বন্দর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আয়োজকদের দাবি, প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ ফুল ও ক্রেস্ট দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। নতুন উপজেলা ঘোষণাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্নয়ন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ে।