জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১১ মে) তিনি জানান, গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সম্প্রতি সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

২০০৮ সালের নভেম্বরে নির্বাচন কমিশন (ইসি) জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়। তবে ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট দায়ের করেন কয়েকজন ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতিও প্রদান করা হয়। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এদিকে ২০১৩ সালে জামায়াতের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনও আপিল বিভাগ খারিজ করে দেয়।

পরবর্তী সময়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল ও লিভ টু আপিল খারিজ হলেও পরে পুনরুজ্জীবনের আবেদন মঞ্জুর করা হয় ২০২৪ সালের ২২ অক্টোবর। এরপর বিষয়টি আপিল বিভাগে নিয়মিত শুনানির জন্য ওঠে। শুনানি শেষে গত বছরের ১ জুন আপিল বিভাগ রায় ঘোষণা করেন। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখন প্রকাশিত হলো।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের আগস্টে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন পরবর্তীতে বাতিল করা হয়। এরপর থেকে দলটির আইনি ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের মাধ্যমে জামায়াতের নিবন্ধন ও রাজনৈতিক অবস্থান সংক্রান্ত দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া নতুন মাত্রা পেল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।