
শেনজেন এলাকাভুক্ত দেশগুলোতে ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। তারা পরামর্শ দিয়েছে, ভ্রমণের সময় ভিসা, ট্রাভেল ইনস্যুরেন্স, হোটেল বুকিংসহ সব ধরনের বৈধ কাগজপত্র সবসময় সঙ্গে রাখতে হবে।
সোমবার (১১ জুন) দেওয়া এক বার্তায় বলা হয়, ভিসা শুধুমাত্র ভ্রমণের পূর্বানুমতি প্রদান করে, তবে কোনো শেনজেন দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকে। তাই সীমান্তে যাচাই-বাছাইয়ের প্রয়োজনে যাত্রীদের সব প্রাসঙ্গিক নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
এর আগে গত ৪ মে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনোভাবেই শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য ভ্রমণকারীদের সতর্ক করা হয়। এতে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞা এবং ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ ভ্রমণ সুযোগ সীমিত হয়ে যেতে পারে। তাই ভ্রমণকারীদের ভিসার সব নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত একটি ভিসামুক্ত চলাচল অঞ্চল। একক শেনজেন ভিসার মাধ্যমে এসব দেশে সাধারণত ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়। এর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেনসহ বহু ইউরোপীয় দেশ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনও এই চুক্তির অন্তর্ভুক্ত।
শেনজেনভুক্ত দেশগুলোতে অভ্যন্তরীণ সীমান্তে সাধারণত পাসপোর্ট চেক না থাকলেও আন্তর্জাতিক প্রবেশপথে কঠোর যাচাই-বাছাই করা হয়। তাই ভ্রমণকারীদের জন্য আগাম প্রস্তুতি ও সঠিক নথিপত্র বহন করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দূতাবাসগুলো।
আপনার মতামত লিখুন :