
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। গত রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে। ঘটনার সময় তিনি নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী ৪–৫ জন এসে টর্চলাইট জ্বালিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। এরপর হামলাকারীরা আরও একটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম দাবি করেন, অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে তাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে যায়। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে তারা ধারণা করছেন।
এদিকে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তবে ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :