লামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


লামা ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাঈনুদ্দিন প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
লামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বান্দরবানের লামা উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১১ মে) বেলা ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদ্যালয় পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষকদের পাঠদানের পদ্ধতি এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো, বসার ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়েও গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

পরিদর্শনের একপর্যায়ে তিনি শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং জানান, সরকার মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিশুদের ঝরে পড়া রোধ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।