
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, যিনি ইসরাফিল রতন নামেও পরিচিত। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে ১০ মে থেকে প্রচলিত শর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা ৩৭-৪০) বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি অনুযায়ী তাকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব গ্রহণের পর যোগদানপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন। রোববার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
নতুন নিয়োগের মাধ্যমে ঢাবির প্রক্টরিয়াল প্রশাসনে নতুন নেতৃত্ব এসেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :