
হামে আক্রান্ত হয়ে গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, শিশু মৃত্যুর এই ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে রাষ্ট্রীয় দায়িত্ব ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে দেশে হামে ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। গড় হিসেবে প্রতিদিন অন্তত ছয়জন শিশু মারা গেছে, তবে সাম্প্রতিক এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে দৈনিক প্রায় ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল একদিনেই আরও ৯ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ, আর তুলনামূলকভাবে কম প্রভাবিত রংপুর বিভাগ। মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি, টিকার সংকট এবং ভাইরাসের দ্রুত বিস্তার এই সংকটকে আরও তীব্র করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।
সরকারি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, হামে এত বড় সংখ্যক শিশুর মৃত্যুর পেছনে কোনো গাফিলতি ছিল কি না এবং টিকা সরবরাহে কোনো সমস্যা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুদের জ্বর, র্যাশ বা শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবিতে দায়ের হওয়া রিট জনস্বাস্থ্য সংকট ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন আইনজীবী ও বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :