গাইবান্ধায় জামায়াতের মতবিনিময় সভা


স্টাফ রিপোর্টার, ওয়াসিম রেজা প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
গাইবান্ধায় জামায়াতের মতবিনিময় সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে জেলা মজলিসে শূরা, কর্মপরিষদ, জেলা ইউনিট (পুরুষ ও মহিলা), উপজেলা আমীর-সেক্রেটারি এবং ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে পৃথক পৃথক বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় জেলা কার্যালয়ে এসব সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম (এমপি)। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।

এছাড়া গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাবেক ও বর্তমান ছাত্রশিবির নেতারাও সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের সকল স্তরের কর্মীদের দেশ ও জাতির সেবায় ত্যাগ ও দায়িত্বশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি বলেন, মানুষের কল্যাণে ভূমিকা রাখা এবং সংগঠনকে শক্তিশালী করতে সময়, শ্রম ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ত্যাগ ও কুরবানির মানসিকতা ছাড়া কোনো আন্দোলন শক্তিশালী হতে পারে না। জনগণের সমর্থন ধরে রাখতে সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রাক্তন কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনের অভিজ্ঞতা ও ত্যাগ বৃহত্তর আন্দোলনে কাজে লাগাতে হবে এবং সংগঠনের আদর্শিক ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ব্যক্তিগত দুর্বলতা ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, সংগঠনের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এজন্য জ্ঞান, আমল ও সাংগঠনিক দক্ষতায় এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।