নওগাঁর মান্দায় চোলাই মদসহ দুই নারী আটক


আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় চোলাই মদসহ দুই নারী আটক

নওগাঁর মান্দা উপজেলায় ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এ ঘটনায় আরও দুইজন—সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক—পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই (নিঃ) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে দেলুয়াবাড়ী বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরে তথ্যের ভিত্তিতে চক সাবাই গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হলে সেখানে মাদক কেনাবেচার সময় দুই নারীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে নারী পুলিশ সদস্যদের সহায়তায় ঘর তল্লাশি করে একটি সিলভারের পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে রাখা মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।