মাদক ও ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়ার আহ্বান চিফ হুইপের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
মাদক ও ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়ার আহ্বান চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না। মানুষ সেখানে সুন্দরভাবে জীবনযাপন করবে এবং নতুন সূর্যের আলোয় আলোকিত একটি বাংলাদেশ গড়ে উঠবে।

শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি।

চিফ হুইপ বলেন, রবীন্দ্রনাথের কবিতা ও সাহিত্য যুগে যুগে বাঙালির প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তার ভাষায়, রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়েই বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।

তিনি রবীন্দ্রনাথের বিখ্যাত পঙক্তি—“সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম, সে কখনও করে না বঞ্চনা”—উদ্ধৃত করে বলেন, বাংলাদেশের মানুষ কঠিন বাস্তবতাকে ধারণ করেই দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পথ পাড়ি দিয়েছে। এই সংগ্রাম জনগণকে বঞ্চিত করেনি, বরং একটি নতুন সকালের পথ দেখিয়েছে।

মো. নূরুল ইসলাম আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সময়ের চেয়ে অনেক অগ্রসর চিন্তার মানুষ। তার সাহিত্য, কবিতা ও গান সমাজকে জাগ্রত করার শক্তি জুগিয়েছে। স্বাধীনতাযুদ্ধের সময়ও রবীন্দ্রসংগীত ও তার রচনা বাঙালির সাহস ও প্রেরণার উৎস ছিল বলে উল্লেখ করেন তিনি।

চিফ হুইপ বলেন, রবীন্দ্রনাথ সাহিত্যের প্রায় সব শাখায় অবদান রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রসংগীতের বিশেষ আবেদন বাংলা ভাষা, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।

বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের রবীন্দ্রনাথের সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আক্ষেপ করে বলেন, হুমায়ূন আহমেদ-এর মতো বড় মাপের সাহিত্যিক চলে যাওয়ার পর নতুন প্রতিভা তৈরিতে সমাজ কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি।

অনুষ্ঠানের শুরুতে চিফ হুইপকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।