
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্যসম্মতভাবে শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুটকি শিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার সকালে অনুষ্ঠিত কর্মশালায় শুটকি উৎপাদনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ সংরক্ষণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশে রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাকোয়্যাকালচার অ্যালাইয়েন্সের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে উৎপাদিত শুটকি মাছের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তবে মানসম্মত প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা গেলে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়বে।
কর্মশালাটি বাস্তবায়ন করে বাংলাদেশ অ্যাকোয়্যাকালচার অ্যালাইয়েন্স, যার অর্থায়নে ছিল বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাণিজ্য মন্ত্রণালয়। এতে সহযোগিতা করে মৎস্য অধিদপ্তর, সীতাকুণ্ড।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। তিনি স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এ শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব এবং রপ্তানি সম্ভাবনাও বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. নুরুল আমিন। এতে স্থানীয় মৎস্য ব্যবসায়ী, আড়তদার, শুটকি উৎপাদনকারী, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বাংলাদেশের শুটকি শিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :