
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী ও টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। কোনো ধরনের একতরফা সিদ্ধান্ত জনগণ গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে একটি সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছলচাতুরী বা সময়ক্ষেপণ জনগণ মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে কথা বললেও ক্ষমতায় আসার পর তারা অবস্থান পরিবর্তন করেছে। এর মাধ্যমে তারা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তিনি সতর্ক করেন। সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাসনিম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতারা দেশের সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :