যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন মাদারীপুরে


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন মাদারীপুরে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার পর মাদারীপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বাবা-মা ও স্বজনরা মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহটি রাজধানীর মিরপুরের বাসায় নেওয়া হয়। সেখান থেকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়।

বাদ আসর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে বৃষ্টিকে দাফন করা হয়। তাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন ও স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন চরগোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দের একমাত্র মেয়ে। তার বাবা একটি এনজিওতে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর পল্লবী এলাকায় বসবাস করছেন।

সাত মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। সেখানে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সহপাঠী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে।