আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এরই মধ্যে ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে ফিফা, তবে হঠাৎ টিকিটের দাম তিনগুণ বাড়ানোয় তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ফিফা ফাইনাল ম্যাচের জন্য ৩২,৯৭০ ডলারের টিকিট বিক্রির জন্য তোলে। এর আগে একই ক্যাটাগরির সর্বোচ্চ টিকিটের দাম ছিল ১০,৯৯০ ডলার। এত বড় মূল্যবৃদ্ধি নিয়ে ফুটবল ভক্ত ও নীতিনির্ধারকদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য নেলি পু ও ফ্র্যাংক পালোনি জুনিয়র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা বলেন, ফিফা অস্বচ্ছ মূল্য নির্ধারণ ও নিয়ম পরিবর্তনের মাধ্যমে ভক্তদের জন্য টিকিট পাওয়া কঠিন করে তুলছে। এর আগে ইনফান্তিনো দাবি করেছিলেন, বাজারভিত্তিক মূল্য নির্ধারণই স্বাভাবিক এবং আমেরিকায় উচ্চ দামের রিসেল মার্কেট বৈধ। তবে সমালোচকরা বলছেন, বাস্তবে বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্টে টিকিট তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়।
ফিফার রিসেল প্ল্যাটফর্মে পরিস্থিতি আরও অস্বাভাবিক। সেখানে ফাইনালের একটি টিকিটের দাম ১ কোটি ১৫ লাখ ডলার পর্যন্ত উঠেছে বলে জানা গেছে। যদিও ফিফা সরাসরি এসব দাম নির্ধারণ করে না, তবে প্রতিটি টিকিট কেনা-বেচায় ১৫ শতাংশ করে ফি আদায় করে থাকে। অন্যান্য ম্যাচের টিকিটের দামও তুলনামূলকভাবে অনেক বেশি। যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ের প্রথম ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ১,১২০ ডলার থেকে, আর সেমিফাইনালের টিকিট ২,৭০৫ থেকে ১১,১৩০ ডলারের মধ্যে রাখা হয়েছে।
এদিকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াত নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। প্রথমে রাউন্ড ট্রিপ ট্রেন ভাড়া ১৫০ ডলার নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ১০৫ ডলার করা হয়, যা সাধারণ ১৩ ডলারের ভাড়ার তুলনায় অনেক বেশি। মেটলাইফ স্টেডিয়ামে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে ১৩ জুন থেকে, যা ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :