এসডিএফে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান-এমডির পদত্যাগ দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি


ঢাকা প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
এসডিএফে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান-এমডির পদত্যাগ দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এ চরম অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমিনের পদত্যাগের দাবিতে গত শুক্রবার (৮ মে) বিকেল ৩টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

‘এসডিএফ কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ এবং ‘সাধারণ কর্মকর্তা-কর্মচারী ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।

আন্দোলনকারীদের দাবি, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের আওতায় ৩২০০টি ল্যাপটপ কেনাকাটায় বড় ধরনের অনিয়ম করা হয়েছে। অভিযোগ রয়েছে, সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রায় দ্বিগুণ মূল্যে নিম্নমানের ডিভাইস ক্রয় করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিশ্বব্যাংকের তদন্তাধীন বলেও দাবি করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কমিউনিটি অপারেশন ম্যানুয়াল ও আরকে পলিসি লঙ্ঘন করে বয়সসীমা বাড়িয়ে পছন্দের ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। এছাড়া আর্থিক সুবিধার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন পদে নিয়োগ এবং এনডাওমেন্ট ফান্ডের অর্থ বিধিবহির্ভূতভাবে ব্যবহারের অভিযোগও তোলা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, শীর্ষ পর্যায়ের বিতর্কিত সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাংকের সঙ্গে এসডিএফ-এর দীর্ঘ ২৫ বছরের উন্নয়ন অংশীদারিত্ব ঝুঁকির মুখে পড়েছে। ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও হঠাৎ প্রকল্প সমাপ্তির ঘোষণা দেওয়ায় শত শত কর্মকর্তা-কর্মচারী চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত চেয়ারম্যান ও এমডির পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তারা কর্মস্থলে ফিরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এতে বর্তমানে এসডিএফ-এর প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।