নিজস্ব বিদ্যুতে চলবে কারাগার, অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
নিজস্ব বিদ্যুতে চলবে কারাগার, অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে

দেশের কারাগারগুলোতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রতিটি কারাগারের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করে কারাগারের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে গত ৫ মে ২০২৬ তারিখে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় দেশের বিভিন্ন কারাগারে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করা হবে।

কারা অধিদপ্তর জানায়, উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা হবে। এর মাধ্যমে কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে সরকারের উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি লক্ষ্য অর্জনেও এটি ভূমিকা রাখবে।

কারা অধিদপ্তর আরও জানায়, প্রকল্পটি বাস্তবায়নে সরকার বা কারাগার কর্তৃপক্ষের কোনো আর্থিক বিনিয়োগ থাকছে না। পুরো কার্যক্রম বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কারা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারাগারগুলোকে ধীরে ধীরে আরও উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে রূপান্তরের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বহুমুখী কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

সরকার সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় কারাগারগুলোতেও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।