শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) সকালে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক দল এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। সফর শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সেই অস্ত্রোপচারের পরবর্তী ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই এবার তাঁর এই বিদেশ সফর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।