মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

“আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬” পুরস্কারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ভূষিত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর স্মরণে এই পুরস্কার প্রবর্তন করেছে।

প্রতি বছর দেশের উন্নয়ন, সমাজসেবা, সাহিত্য, ক্রীড়া ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই স্বর্ণপদকে সম্মানিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।

এছাড়াও তালিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল-এর নাম উল্লেখ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতেই এই পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঘোষিত তালিকা ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পুরস্কারের প্রক্রিয়া ও মনোনয়ন নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।