
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আগামী ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে দোকান মালিক সমিতি। এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকত। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নতুন নির্দেশনা জারি করা হয়নি বলে জানা গেছে।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর জন্য দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে সংযম বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে দেশের দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।
আসন্ন ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের চাপ ও বিক্রয় কার্যক্রম বিবেচনায় এনে এবার সময় আরও বাড়ানো হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে ব্যবসায়ীরা যেমন সুবিধা পাবেন, তেমনি ক্রেতারাও স্বস্তিতে কেনাকাটার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :