
রাজধানীর মোহাম্মদপুরে মো. রুবেল ওরফে মাওরা রুবেল (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। সংস্থাটির দাবি, তিনি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা।
বুধবার (৬ মে) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ থেকে ৩ জন পালিয়ে গেলেও চক্রের মূলহোতা রুবেলকে একটি সামুরাইসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাপাতি ও সামুরাই ব্যবহার করে সাধারণ মানুষের মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই, ডাকাতি এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব আরও জানায়, গত ১১ এপ্রিল আদাবর এলাকায় এক ডেলিভারি ম্যানকে মারধর করে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুবেল জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তদন্তে দেখা গেছে, রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। র্যাব-২ জানিয়েছে, সংঘবদ্ধ এই ছিনতাই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :