
পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে র্যাব-১৩। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর ও লালমনিরহাটে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ৬ মে সকাল থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে লাইসেন্সবিহীনভাবে ভাটা পরিচালনা এবং কয়লায় অতিরিক্ত সালফার ও মারকারি ব্যবহারের অভিযোগে ‘মেসার্স নিউ জি এ ব্রিকস’-এর মালিক মো. গোলজার হোসেনকে ৫ লাখ টাকা এবং ‘মেসার্স এস এ বি ব্রিকস’-এর মালিক মো. শহিদুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিনে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় র্যাব-১৩ সদর কোম্পানির আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। সেখানে নিষিদ্ধ এলাকায় আইন অমান্য করে স্থাপিত ‘মেসার্স হক ব্রিক্স’-এর একটি চিমনি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজায়ান উল ইসলাম নেতৃত্ব দেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরিবেশের জন্য ক্ষতিকর ও ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সামাজিক ও পরিবেশগত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :