
সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়ে আলোচনায় এসেছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)। তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার কারণে আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ স্থগিত রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার তার শপথ নেওয়ার কথা থাকলেও তা হয়নি। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনো নিশ্চিত নন যে টিভিকের কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কিনা। এই কারণেই শপথগ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
রাজভবন সূত্রে জানা গেছে, গভর্নরের অবস্থান হলো—বর্তমান তথ্য অনুযায়ী টিভিকের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়নি। তাই তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। বিজয় আজ সকাল ১১টায় গভর্নরের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বৈঠকে সরকার গঠনের বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু টিভিকে পেয়েছে ১০৮টি আসন। কংগ্রেসের পাঁচ সদস্যের সমর্থন যোগ হলেও মোট সংখ্যা দাঁড়ায় ১১৩-তে, যা এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার নিচে। রাজভবন আরও জানিয়েছে, অন্য রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে এখনো স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায়নি। বিভিন্ন দল থেকে সমর্থনের ইঙ্গিত থাকলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয়ের দল নতুন জোট গঠনের চেষ্টা করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে গভর্নর সংবিধান অনুযায়ী সব তথ্য যাচাই করে এগোতে চাইছেন।ফলে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় রয়ে গেছে, আর সরকার গঠনের চূড়ান্ত দৃশ্যপট দেখতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :