
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট।
বুধবার (৬ মে) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা–ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক দল ও কূটনৈতিক মিশনের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করতে ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :