
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ফিরিয়ে আনা হবে। পরে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার সম্পন্ন করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, জুন মাসের মধ্যেই মাঠপর্যায়ে মোতায়েন থাকা সেনাবাহিনীর সব সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিল আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির প্রথম বৈঠক। এর আগে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটি পুনর্গঠন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সেনাবাহিনী প্রত্যাহারের পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি দমন, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখন বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনীগুলোই মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সক্ষম বলে মনে করছে সরকার। তবে প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত থাকবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :