আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা

সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা। বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ফুয়েল পাসের নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তুলতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ব্যবহারকারীদের জরুরি প্রয়োজনে রাত ৯টার পর অথবা পরদিন সেবা গ্রহণের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এ ডিজিটাল সেবা চালু করা হলেও পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

পরবর্তীতে ২১ এপ্রিল থেকে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং দীর্ঘ যানজট ও অপেক্ষার সময় কমাতেই এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ফুয়েল পাস চালুর পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে চাপ কিছুটা কমেছে এবং আগের তুলনায় অপেক্ষার সময়ও কমে এসেছে।