
মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো রেমিট্যান্সে লটারির মাধ্যমে মোটরসাইকেল জিতেছেন মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মোসা. রাবেয়া।
জানা যায়, প্রবাসী মো. মোমিনুল শিকদার বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় স্ত্রী রাবেয়ার হিসাবে ২ লাখ ৫ হাজার টাকা পাঠান। এ রেমিট্যান্সের সূত্র ধরেই তিনি ব্যাংকের ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’-এর মেগা পুরস্কার হিসেবে মোটরসাইকেল লাভ করেন।
বুধবার (৬ মে) বেলা ১১টায় বাজিতপুর শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।
ব্যাংক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৪০ দিনব্যাপী এ রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে সারা দেশের ১ হাজার ৩৮টি শাখা থেকে লটারির মাধ্যমে ৪০ জন বিজয়ী নির্বাচন করা হয়। এর মধ্যে বাজিতপুর শাখার গ্রাহক রাবেয়া প্রথম পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি ব্যাংক প্রান্তিক মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং তাদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পুরস্কার পেয়ে রাবেয়া বলেন, এমন পুরস্কার পাওয়ার কথা কখনো ভাবেননি। ব্যাংক কর্মকর্তারা বাড়িতে এসে বিষয়টি জানালে তিনি ও তার পরিবার আনন্দিত হন। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :