
দেশে গত এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেলপথে মোট ৫০৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন এবং আহত হয়েছেন ৭৩৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো ওই প্রতিবেদনে সংগঠনটি জানায়, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৭.৯৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩০.৬৬ শতাংশ। একই সময়ে ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ২৫.২৪ শতাংশ।
এছাড়া দুর্ঘটনায় ৪৬ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১১.৩৮ শতাংশ।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বাধিক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে—মোট দুর্ঘটনার ২৩.৫৪ শতাংশ এবং প্রাণহানির ২৫.২৪ শতাংশ। এরপর চট্টগ্রাম বিভাগে ২২.৪৬ শতাংশ দুর্ঘটনায় ২৩.২৬ শতাংশ মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১ শতাংশ এবং প্রাণহানি ১০.৩৯ শতাংশ, খুলনায় দুর্ঘটনা ১৩.১৭ শতাংশ এবং মৃত্যু ১২.৩৭ শতাংশ, বরিশালে দুর্ঘটনা ৬.৯১ শতাংশ এবং মৃত্যু ৫.৯৪ শতাংশ, সিলেটে দুর্ঘটনা ২.৫৯ শতাংশ এবং মৃত্যু ২.৯৭ শতাংশ, রংপুরে দুর্ঘটনা ১২.৭৪ শতাংশ এবং মৃত্যু ১৫.০৯ শতাংশ, ময়মনসিংহে দুর্ঘটনা ৫.৩৯ শতাংশ এবং মৃত্যু ৪.৭০ শতাংশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন, যা সবচেয়ে বেশি। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৩৬টি সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :