আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক ও দলীয় বিবেচনায় দেওয়া লাইসেন্সগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে অনেক অস্ত্রের লাইসেন্স রাজনৈতিক ও দলীয় প্রভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব লাইসেন্স ফেরত না দিয়ে এখন যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি)।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হয়েছিল, তবে সেগুলোর একটি অংশ এখনো ফেরত দেওয়া হয়নি। দ্রুত এসব অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র এখনো জমা না পড়ায় সেগুলো উদ্ধারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোও যাচাই-বাছাই করে এক মাসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে যেগুলো আইন মন্ত্রণালয়ের মতামতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে, সেগুলো চলবে এবং বাকিগুলো প্রত্যাহারের প্রক্রিয়া নেওয়া হবে।

তিনি আরও জানান, অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় যাত্রী নামিয়ে দেওয়ার ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনিক শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।