চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে মোছা. নিলুফা বেগম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা ছিলেন। মক্কায় অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।

এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী হজযাত্রীদের মধ্যে আটজন পুরুষ এবং দুজন নারী। তাদের মধ্যে আটজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে মোট ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন হজযাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক সহায়তা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন কাজ করছে। তবে বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক জটিলতার কারণে কিছু হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানা গেছে। হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা হজযাত্রীদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন, যাতে হজের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।