ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে তিনি এখন থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দায়িত্ব পালন করবেন।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মো. মাসুদ আলম পেশাগত দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কারণে বাহিনীতে পরিচিত মুখ। বর্তমানে তিনি ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা উল্লেখযোগ্য বলে সহকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছেন।
বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সচিবালয়, হাইকোর্টসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা গেছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
বগুড়া জেলার সন্তান মো. মাসুদ আলম ডিএমপিতে যোগদানের আগে মাঠপর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন। তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার কারণে তাকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি কীভাবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলান, তা নিয়ে প্রশাসনিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :