
২০২৬ ও ২০৩০ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে ভারত, বাংলাদেশ ও চীনের বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশাল দর্শকগোষ্ঠী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বড় সম্প্রচার প্রতিষ্ঠান আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসরটির স্বত্ব কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২০০ কোটি টাকা মূল্য নির্ধারণ করেছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সম্প্রচারকারীদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা ফিফার প্রত্যাশিত মূল্যের তুলনায় অনেক কম হওয়ায় দরকষাকষি জটিল হয়ে উঠেছে।
ভারতের বাজারে রিলায়েন্স জিও এবং স্টার স্পোর্টস যৌথভাবে যে প্রস্তাব দিয়েছে, তা ফিফার প্রত্যাশার প্রায় পাঁচ ভাগের এক ভাগ বলে জানা গেছে। প্রায় আড়াইশ কোটি টাকার ওই প্রস্তাব ফিফা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সনি নেটওয়ার্ক শুরুতে আগ্রহ দেখালেও পরবর্তীতে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ভারতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রায় ৮০০ কোটি টাকায় কিনেছিল। সে সময় ডিজিটাল মাধ্যমে ভালো দর্শকপ্রিয়তা পাওয়া গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের অনেক ম্যাচ মধ্যরাত ও ভোরে অনুষ্ঠিত হওয়ার কারণে সম্ভাব্য দর্শকসংখ্যা কমে যেতে পারে—এমন আশঙ্কা সম্প্রচারকারীদের বড় বিনিয়োগে নিরুৎসাহিত করছে।
চীনের ক্ষেত্রেও একই ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনে ব্যাপকভাবে প্রচার চালালেও এবার এখন পর্যন্ত কোনো সক্রিয় উদ্যোগ দেখা যায়নি।
বাংলাদেশেও বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরের মতোই ব্যাপক। তবে এখন পর্যন্ত কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম স্বত্ব কেনার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ফলে দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ দেখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিশেষজ্ঞদের মতে, ফিফার উচ্চমূল্য প্রত্যাশা এবং স্থানীয় বাজারের বাণিজ্যিক বাস্তবতার মধ্যে বড় ব্যবধানই এই অচলাবস্থার মূল কারণ। বড় তিনটি বাজারে সম্প্রচার স্বত্ব অনিশ্চিত থাকায় ভবিষ্যতে বিশ্বকাপের বৈশ্বিক সম্প্রচার কৌশলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :